নিজস্ব প্রতিনিধি: বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হলো ইমাম সাহেব, মোয়াজ্জিন সাহেব, পুরোহিত এবং বৈষ্ণব সম্মাননা অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানষ ভট্টাচার্য, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারি সভাধিপতি গার্গী নাহা, বি.ডি.এ. চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, বর্ধমান ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানব রায়, তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা রানা ভট্টাচার্য এছাড়াও ব্লকের প্রত্যেকটি অঞ্চল ও পঞ্চায়েতের নেতৃত্ব গন।
দেশজুড়ে যখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছেন একদল মানুষ। যখন ধর্মীয় উন্মাদনা চরম পর্যায়ে পৌঁছেছে। একদল, এক সম্প্রদায়ের মানুষদের নিয়ে সংহতি দিবস পালন করছেন, আরেকদল আরেক সম্প্রদায়ের ধর্মীয় আবেগে শান দেওয়ার চেষ্টা করছেন। ঠিক সেই সময় বর্ধমান ১ নম্বর ব্লকে দেখা গেল সম্প্রীতির অনুষ্ঠান। সম্প্রীতির মেলবন্ধনে একে অপরের পাশে বসে হিন্দু – মুসলিম উভয় সম্প্রদায়ের ধর্মীয় ব্যক্তিত্ববান। প্রত্যেক ব্যক্তিকে বরণ করে নেওয়া হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সম্মাননা প্রদানে প্রত্যেক ব্যক্তিকে একটি পাঞ্জাবী, লুঙ্গি, মিষ্টির প্যাকেট, নামাজের টুপি এবং বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষজনদের জন্য খোল, কর্তাল ও খঞ্জনি প্রদান করা হলো। কাজী নজরুল ইসলামের বিখ্যাত সেই লাইন বারবার ধ্বনিত হল এই অনুষ্ঠানে, ‘মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’।
